কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের
- আপডেট সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক :
বিয়ের মৌসুম এলেই কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের। প্রিয় অভিনেত্রীকে বধূরূপে দেখতে চান অনেকেই। আর সেই সাজে হঠাৎ কেউ হাজির হলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?এমনই এক কৌতূহল তৈরি করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে তাকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি, বাহারি গয়না আর পরিমিত মেকআপে কনের সাজে।তার এই নতুন রূপ দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ কেন এমন সাজে ধরা দিলেন সাদিয়া?তবে বিয়ের কোনো ঘোষণা দিতে নয়, আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখে বিশেষ এই সাজে হাজির হয়েছেন অভিনেত্রী। একটি প্রসাধনী ও গয়নার প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় করা হয়েছে তার এই আয়োজন।ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’সাদিয়ার সাজে এবার প্রাধান্য পেয়েছে ঐতিহ্য আর আভিজাত্য। জমকালো শাড়ির সঙ্গে মানানসই গয়না তার পুরো লুকে যোগ করেছে রাজকীয় আবহ। গলার চোকার হার ও কপালের মাং টিকা আলাদাভাবে নজর কেড়েছে। পোশাক ও গয়নার আয়োজন জমকালো হলেও মেকআপে ছিল পরিমিতির ছোঁয়া। স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলার দিকেই ছিল বেশি মনোযোগ।সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। ফলে তার এই ভিন্ন উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি করেছে। শীতের মৌসুম সামনে রেখে বিয়ের আয়োজন বাড়তে শুরু করলে কনের সাজের অনুপ্রেরণা হিসেবেও তাঁর এই লুক কাজে আসতে পারে।এর আগে চুলের রং ও স্টাইলে পরিবর্তন এনে নতুন লুকে হাজির হয়েছিলেন সাদিয়া। তারও আগে ভাইরাল জ্বরে ১২ দিন ভোগার পর সুস্থ হয়ে ফেরেন তিনি। এবার কনের সাজে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
সুত্র জাগো নিউজ২৪.কম



















